আরবদের দেশে এক ভৌমিক

আমার এক IBM এর সহকর্ম্মী বন্ধু প্রবীর কুমার সেনগুপ্ত আর আমি একসাথে কুয়েতে আসি। প্রবীরকে সবাই আমরা পিকে বলে ডাকতাম, ওটাই ওর নাম হয়ে গেছে, আমাদের সবার কাছে ও হলো universal পিকে।

কুয়েতে আসার পর প্রথম ঝামেলা হলো নাম নিয়ে। আরবী ভাষায় প বলে কোন শব্দ নেই! আশ্চর্য্য ব্যাপার। এত মহান একটা ভাষা, এত লোকে এই ভাষায় কথা বলে, অথচ প নেই? পিকে কে সবাই বিকে বলে ডাকতে শুরু করলো। আরবদের নিয়ে এক মুস্কিল হলো যে তারা কিছুতেই ভুল স্বীকার করতে চায়না, পিকে যত বলে “আরে, বিকে নয়, আমায় পিকে বলে ডাকো”, তারা বলে “আমরা তো বিকে ই বলছি”।

এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পিকে এক বছরের মধ্যেই কুয়েত ছেড়ে দেশে ফিরে গেল।

এদিকে আমার ও ঝঞ্ঝাট কম নয়। প এর সাথে সাথে আরবী তে ভ ও নেই। তিন রকমের শ আছে, চার রকমের হ, কিন্তু প ও নেই, ভ ও নেই।

কোন মানে হয়?

আমার নাম ভৌমিক থেকে হয়ে গেল বোমিক। Driving License, Civil id, ইত্যাদি সব দরকারী সরকারী document এ আমি হয়ে গেলাম বোমিক। Birthday card এ আমায় বন্ধুরা ভালোবেসে লেখে, “Happy Birthday, Bombom!”

এসব কি হচ্ছে টা কি? 

এদিকে আবার কিছু উচ্চারণ বিশারদ লোক আছে, যাদের উচ্চারণ  (শিব্রামের ভাষায় উশ্চারণ) নিয়ে প্রচন্ড মাথাব্যথা, যেন উচ্চারণ ঠিক না হলে তাদের রাত্রে ঘুম হয়না। তারা অনেক চেষ্টা, অনেক কসরত, অনেক পরিশ্রম করে আমার নামটা উচ্চারণ করে “বোহোমিক”।

তার পর “কি, এবার ঠিক হলো তো” ধরণের একটা দেঁতো হাসি হাসে, যা দেখে আমার গা জ্বলে যায়।

আমি ওদের বোঝাই আরে না না, বোহোমিক নয়, ভৌমিক! বোহো নয়, ভৌ, ভৌ! দু তিন বার এরকম ভৌ ভৌ করার পর একটু লজ্জাই করে, আমি বানান করে বোঝাই।  B, H, O,W, বুঝেছো? Baby, Honey, Oscar, William…

কিন্তু কাকস্য পরিবেদনা।

কিছুদিন পরে সেই উচ্চারণ বিশেষজ্ঞের সাথে দেখা হলে  তিনি আবার বত্রিশ পাটি দাঁত বের করে বলেন, “কি খবর, কেমন আছো বোহোমিক?”

2 thoughts on “আরবদের দেশে এক ভৌমিক

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে।