কয়েকমাস আগে দিল্লী গিয়েছিলাম।
শুনেছিলাম East of Kailash এ ISKCON এর মন্দির, তার পাশে গোবিন্দ (Govinda) বলে একটা Vegetarian restaurant আছে, সেখানে খাবারটা নাকি বেশ ভাল।
তো ওইদিকে একটা কাজে গিয়েছিলাম, ভাবলাম মন্দিরটা দেখেই যাই, আর তাহলে গোবিন্দতে গিয়ে খেয়েও আসা যাবে।
নিরামিষ খাবারই আজকাল ভাল লাগে খেতে।
যখন পৌঁছলাম তখন প্রায় দুটো বাজে, মন্দির বন্ধ, চারটে তে খুলবে, কিন্তু restaurant খোলা। আমরা ভেতরে গিয়ে বসলাম। বেশ বড় Air-conditioned হল, অনেক চেয়ার টেবিল, ওই সময়ে মোটামুটি খালি।
একপাশে বিরাট Buffet এর আয়োজন, আর হলের ভেতরে কিছু সাত্ত্বিক ধরণের লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের সবার পরণে সাদা ধুতি কামিজ, কপালে বড় সাদা তিলক, দেখে মনে হয় সবাই পূজারী ব্রাম্ভণ, পূজো করতে করতে উঠে এসেছে কিংবা একটু পরেই পূজো করতে যাবে!
তাদের মধ্যে থেকে একজন ভক্ত হনুমানের মত হাত জোড় করে সামনে এসে দাঁড়ালো।
এই কি waiter নাকি?
সত্যিই তাই, দেখা গেল এখানে waiter দের ওটাই uniform!
যাই হোক খাওয়া দাওয়া ভালই হলো। শেষ করে বিল মিটিয়ে উঠবো ভাবছি, এমন সময় এক ভদ্রলোক, দেখেই বোঝা যায় বাঙ্গালী, গলায় একটা মস্ত বড় ভিক্ষার ঝুলি, কপালে বিরাট তিলক, মনে হলো ইনি বোধহয় Restaurant এর Manager, আমাদের দেখে কাছে এসে একগাল হেসে হাত জোড় করে অত্যন্ত বিনয়ী অমায়িক ভঙ্গীতে জিজ্ঞাসা করলেন, “খানা ক্যায়সা লাগা?”
সুভদ্রা বললো, “খুব ভাল লাগা, আপনি বাঙ্গালী?”